কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। সকাল থেকে সার পাওয়ার আশায় অপেক্ষা করেও ডিলারের লোকজনের দেখা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে এই অবরোধ করেন। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। এরপর শুরু হয় সার বিতরণ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে এ ঘটনা ঘটে। কৃষকদের অবরোধের কারণে কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

স্থানীয় কৃষকেরা জানান, নতুন অনন্তপুর বাজারের ডিলার মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের আজ সার বিতরণের কথা ছিল। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে চার শতাধিক কৃষক বাজারে এসে ওই দোকানের সামনে অপেক্ষা করতে থাকেন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে একপর্যায়ে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর কৃষকেরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। 

কৃষকদের অভিযোগ, কয়েক দিন ধরে তারা ডিলারের কাছে ঘুরেও প্রয়োজনীয় সার পাচ্ছিলেন না। আজ মঙ্গলবার সার দেওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও সার বিতরণ শুরু না হওয়ায় তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা কৃষকদের সঙ্গে কথা বলে দ্রুত সার বিতরণের আশ্বাস দেন। পরে পরিস্থিতি শান্ত হলে সার বিতরণ শুরু করা হয়।

মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শামসুল আলম বলেন, ‘সারের জন্য প্রচুর চাপ রয়েছে। বিপুলসংখ্যক কৃষক সকাল থেকেই দোকানের সামনে সার নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ বিষয়ে কৃষি বিভাগ ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছিল। সকাল ১০টা বাজতে না বাজতেই কৃষকেরা তাড়াহুড়া শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে প্রশাসন ও পুলিশের সহযোগিতায় সার বিতরণ শুরু হয়।’

উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘নতুন অনন্তপুর বাজারের সার বিতরণকেন্দ্রে প্রচুর কৃষকের উপস্থিতির কারণে কৃষি কর্মকর্তা ও ডিলারকে কিছুটা হিমশিম খেতে হয়। পরে কৃষকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে ইউএনও ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। উপস্থিত কৃষকদের মধ্যে ২১৫ বস্তা ইউরিয়া বিতরণ করা হয়েছে।’

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ বলেন, ‘সকাল ৮টায় সার বিতরণের কথা ছিল। কিন্তু প্রচুর গ্রাহকের চাপ থাকায় ডিলারের লোকজন দোকান খুলতে সাহস পাননি। সার বিতরণে দেরি হওয়ায় কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন।’

তিনি আরও বলেন, ‘কৃষকদের আশ্বস্ত করেছি যে প্রয়োজন অনুযায়ী তাদের সার দেওয়া হবে। সারের কোনো সংকট নেই।’