মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি, ছুটি কমিয়ে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প

স্টার অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাপ্তাহিক ছুটি কাটাতে ক্যাম্প ডেভিডের অবকাশকেন্দ্রে গিয়েছিলেন। সেই ছুটি কমিয়ে শনিবার অপ্রত্যাশিতভাবে হোয়াইট হাউসে ফিরে এসেছেন তিনি।

আজ রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আগে জানানো হয়েছিল, মেরিল্যান্ডের পল্লি এলাকায় অবস্থিত মার্কিন প্রেসিডেন্টদের নিরিবিলি অবকাশকেন্দ্র ক্যাম্প ডেভিড থেকে আজ রোববার ফিরবেন ট্রাম্প।

ছুটি শেষের এক দিন আগেই ফিরে এসেছেন ট্রাম্প। 

এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

আবহাওয়াসহ বিভিন্ন কারণে মার্কিন প্রেসিডেন্টের সফরসূচি পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয়।

ক্যাম্প ডেভিডের পাহাড়ি এলাকায় রোববার বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

তবে এমন সময় ট্রাম্প নিজের ছুটি কমালেন, যখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের রাজধানী রিয়াদ হুতিদের হামলার শিকার হয়েছে।

গতকাল ভোরে ইরান-সমর্থিত হুতিরা রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী ইতোমধ্যে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে সৌদি রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন লাগার ঘটনা ঘটে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং অঞ্চলটির বিভিন্ন দেশে থাকা তাদের দূতাবাসগুলো শনিবার নিরাপত্তা সতর্কতা জারি করে।

এই সংঘাত দ্রুত আরও তীব্র আকার ধারণ করতে পারে জানিয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করে বলা হয়, ‘ইরান-সমর্থিত হুতিরা বেসামরিক বিমানবন্দরসহ সৌদি আরবের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে জড়িয়েছে।’