এআইয়ের জাতীয় নিরাপত্তা ঝুঁকি নিয়ে নোটিফিকেশন ব্যবস্থা করবে যুক্তরাষ্ট্র-চীন

স্টার অনলাইন ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে তৈরি জাতীয় নিরাপত্তা ঝুঁকি নিয়ে একে অপরকে সতর্ক করতে একটি নোটিফিকেশন ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও চীন।

স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে এ নোটিফিকেশন ব্যবস্থা নিয়ে আলোচনা করে দুই দেশ।

বৈঠকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেং অংশ নেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওয়াশিংটন সফরের কথা রয়েছে। এর আগে সম্ভাব্য চুক্তির ভিত্তি তৈরিতে এসব আলোচনা হয়েছে।

বৈঠকের পর বেসেন্ট বলেন, প্রস্তাবিত ব্যবস্থাটির নাম হবে ‘ইউএস-চায়না এআই ডায়ালগ’। এর লক্ষ্য হবে এআইয়ের উদ্দেশ্য এবং এর সম্ভাব্য হুমকি নিয়ে দুই দেশের মধ্যে অভিন্ন ধারণা তৈরি করা।

তিনি বলেন, কোনো এআই-সংক্রান্ত বিষয় জাতীয় নিরাপত্তার পর্যায়ে পৌঁছালে এই নোটিফিকেশন ব্যবস্থা সক্রিয় হবে। বিশ্বের শীর্ষ দুই এআই শক্তির মধ্যে কার্যক্রমে গোপনীয়তার পরিবর্তে আরও স্বচ্ছতা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও চীন এআই প্রযুক্তিতে প্রভাবশালী শক্তি হয়ে ওঠার প্রতিযোগিতায় রয়েছে। একই সময়ে প্রযুক্তিটির নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়েও বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, হ্যাকিং এবং প্রাণঘাতী অস্ত্র তৈরিতে ব্যবহারের ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলো সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তাদের এআই মডেল নিয়ন্ত্রিত পরীক্ষার পরিবেশ ভেঙে বেরিয়ে যাওয়ার বা নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যাওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে।

চীনের হ্যাকিং কার্যক্রম, সামরিক সক্ষমতা ও নজরদারি ব্যবস্থায় এআই ব্যবহারের সম্ভাবনা নিয়েও মার্কিন কর্মকর্তাদের উদ্বেগ রয়েছে বলে জানায় নিউইয়র্ক টাইমস।

চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন অভিযোগ করে, চীনা কোম্পানিগুলো মার্কিন এআই মডেলের মালিকানাধীন বিভিন্ন প্রযুক্তি ও সক্ষমতা ‘আক্রমণাত্মক ও বিদ্বেষপূর্ণ’ উপায়ে হাতিয়ে নিচ্ছে। ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।