কর্ণফুলীতে ডুবে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত সাজিদ শাহারিয়ার সানম (২৪) চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আজ রোববার বিকেল ৪টা ৪০ মিনিটে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, দুপুর দেড়টার দিকে উপজেলার সীতার ঘাট এলাকায় ডুবে যান ওই শাহরিয়ার।
তার বন্ধু সাইফুল ইসলাম ডেইলি স্টারকে জানান, তারা ৯ জন আজ সকালে ঢাকা থেকে বেড়াতে যান কাপ্তাই। পাহাড় ভ্রমণ শেষে নদীতে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নামার পর সাজিদ শাহারিয়ার পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাস্থল থেকে প্রায় ৪০ ফুট দূরে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।'
ওসি শেখ মাহমুদুল হাসান বলেন, 'নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ হাসপাতালে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'