ড. জাফর ইকবাল, মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগপত্র
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, লেখক ড. মুহম্মদ জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি) রেজিস্ট্রার কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।
অপর অভিযুক্তরা হলেন—ঢাবি অধ্যাপক এ কে এম জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত।
অভিযুক্তদের মধ্যে মানিক, জামাল ও সৈকত বর্তমানে কারাগারে আছেন এবং বাকিরা পলাতক।
আজ বুধবার অভিযোগপত্র দাখিল শেষে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম সাংবাদিকদের জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উসকানি, ষড়যন্ত্র, চেষ্টা ও প্ররোচণার অভিযোগ আনা হয়েছে।
তিনি বলেন, 'মাকসুদ কামাল উসকানিমূলক বক্তব্য দিয়েছেন এবং ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এর ফলে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ।'
'আমরা এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছি, বলেন প্রসিকিউটর।