কবি সৈয়দ তাকি মোহাম্মদ মারা গেছেন

স্টার অনলাইন রিপোর্ট

উর্দু সাহিত্যের বিশিষ্ট কবি সৈয়দ তাকি মোহাম্মদ (বুড্ডান সাহেব) মারা গেছেন।

গতকাল শুক্রবার রাত ৮টায় তিনি পুরান ঢাকার সাত রওজা মহল্লার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, পাঁচ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আজ শনিবার বাদ জোহর হোসেনী দালান ইমামবাড়ায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সাত রওজার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। 

সৈয়দ তাকি মোহাম্মদের মৃতুর তথ্য নিশ্চিত করে বড় ছেলে সৈয়দ আহমেদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার বাবা ২০২৩ সালে স্ট্রোক করেন। এরপর থেকেই তিনি অসুস্থ। বাসাতে রেখেই তার চিকিৎসা চলছিল। এর মধ্যে তিন মাস আগে তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। তখন থেকে মুখে খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায় বাবার।'

১৯৫০ সালের ১৪ জানুয়ারি পুরান ঢাকার সাত রওজা মহল্লার মুঘল পরিবারে জন্মগ্রহণ করেন সৈয়দ তাকি মোহাম্মদ। তার বাবা নবাব সৈয়দ আলী মোহাম্মদ (ছোট্টন) ছিলেন ঢাকার জমিদার।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় পুরান ঢাকার হোসেনী দালানে এবং এশার পর সাত রওজা খাজা নেহাল মসজিদে তার কুলখানি অনুষ্ঠিত হবে।