ডেঙ্গুতে মারা যাওয়া কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী অন্তঃসত্ত্বা ছিলেন
ডেঙ্গুতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এক শিক্ষার্থী মারা গেছেন। কলেজের বাংলা বিভাগের ওই শিক্ষার্থীর নাম নূর জাহান (২২)। তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
আজ বুধবার ভোরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বিএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে।
ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা দ্য ডেইলি স্টারকে জানান, নূর জাহান ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মোছাগাড়া গ্রামে।
প্রায় দেড় বছর আগে একই এলাকার জোবায়ের হোসেনের সঙ্গে নূর জাহানের বিয়ে হয়।
জোবায়ের হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, আগামী মাসে তাদের সন্তান জন্ম নেওয়ার কথা ছিল।
তিনি বলেন, 'গত শুক্রবার আমার স্ত্রীর সামান্য জ্বর হয়। পরে নানা শারীরিক সমস্যা দেখা দিলে কুমিল্লায় চিকিৎসা দেই। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।’
নূর জাহানের পরিবারের বরাতে ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনসুর হেল্লাল ডেইলি স্টারকে জানান, নূর জাহানকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তখন তার প্লাটিলেট ছিল ৪৬ হাজার। সেদিন চিকিৎসক তার শারীরিক পরীক্ষা করে জানিয়েছিলেন গর্ভের সন্তানের স্পন্দন স্বাভাবিক, মুভমেন্ট ভালো।
'পরে নূর জাহানকে ঢাকায় নেওয়া হয়। পরশু বাচ্চার মুভমেন্ট কম দেখায়। গতকাল চিকিৎসক পরীক্ষা করে জানান গর্ভের সন্তান মারা গেছে। আজ সকাল ৯টায় বাচ্চার ডেলিভারি নরমাল বা সিজার করার কথা ছিল। কিন্তু ভোর ৫টায় নূর জাহানের মৃত্যু হয়,' বলেন তিনি।