মিড ডে মিলের দুধ খেয়ে শিক্ষার্থী কেন অসুস্থ: তদন্তে কমিটি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহকৃত মিড ডে মিলের দুধ খেয়ে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার দাস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ চন্দ্র রায়কে কমিটির প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেনউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তুষার চন্দ্র সিংহ, বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমানউল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মমিনুল ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায়।

কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  

ইউএনও অঞ্জন কুমার দাস জানান, কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের দেওয়া এবং অসুস্থ হওয়ার আগে তারা যে খাবার খেয়েছিল, সেসবের নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, ‘নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকার বিএসটিআই ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।’

গতকাল মিড ডে মিলের দুধ খেয়ে উপজেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ৩৫ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়।

ওইদিন দুপুর থেকে এসব শিক্ষার্থীকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আহাদুজ্জামান বলেন, ‘হাসপাতালে আনার পর শিক্ষার্থীদের অনেকেই বমি করছিল, আবার অনেকের পেটে ব্যথা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে।’

উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বালিয়াডাঙ্গী উপজেলার ১৩৮টি বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি চলমান। ওই কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের প্রতি সোমবার মিড ডে মিল হিসেবে বনরুটির সঙ্গে ২০০ মিলিলিটার ইউএইচটি (আলট্রা হাই টেম্পারেচার) দুধ দেওয়া হয়।