শেষের নাটকীয়তায় বাগে পেয়েও অস্ট্রেলিয়াকে হারাতে পারল না জিম্বাবুয়ে
ম্যাচ শেষে হতভম্ব ওয়েসলি মাধভেরেকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন সিকান্দার রাজা। একটু আগেই নিশ্চিত জয়ের পথে ছিলেন তারা, সেটা শেষের রোমাঞ্চে কেড়ে নিয়ে নায়ক অস্ট্রেলিয়ার টেল এন্ডার ন্যাথান এলিস। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে একদম বাগে পেয়েও জিততে পারল না জিম্বাবুয়ে।
হারারেতে তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া জিতেছে ১ উইকেটে। জিম্বাবুয়ের ২৭১ রানের পুঁজি তারা পেরিয়ে গেছে ১ বল আগে। দারুণ ইনিংসে অজিদের নায়ক ন্যাথান এলিস অপরাজিত ছিলেন ৪৪ বলে ৩৬ রানে।
ম্যাচ জেতার জন্য শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৯ রান, উইকেট একটাই। অফ স্পিনার মাধভেরেকে বল দিয়ে ভুলটা করেন রাজা। এলিস প্রথম বলেই মেরে দেন ছক্কা, ম্যাচ হয়ে যায় সহজ। পরের চার বলে তিন সিঙ্গেল বের করে ম্যাচ শেষ করে দেয় অজিরা। অথচ ২৪৫ রানে ৯ উইকেট হারিয়ে হারের দ্বারে ছিল অস্ট্রেলিয়া।
শুরু থেকে উইকেট হারানো দলটিকে পথে রেখেছিলেন জস ইংলিশ। সেঞ্চুরিয়ান ইংলিশ আউট হলে ৮ম উইকেট হারায় অজিরা। তখন ৪৫ রান চাই তাদের। বাকি বেশিরভাগ রানই নেয়ার দায় কাঁধে তুলে দেন এলিস।
এর আগে বল হাতেও দলের সেরা বোলার ছিলেন এলিস। ডানহাতি পেসে ৫০ রানে নেন ৩ উইকেট। জিম্বাবুয়ের ইনোসেন্ট কাইয়া ও ক্রেইগ আরভিনের ফিফটির পর অধিনায়ক রাজা খেলেন ৭২ বলে ৮১ রানের ইনিংস। তাতে জুতসই পুঁজি পায় স্বাগতিক দল। তবে কাছে গিয়েও পেরে উঠেনি তারা।
এই হারে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়ে।