তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

কোনভাবেই যেন সুদিন ফেরাতে পারছে না বাংলাদেশ নারী ক্রিকেট দল। একের পর এক ব্যর্থতার ধারাবাহিকতা অব্যাহত রেখে এশিয়ান গেমস শেষ করেছে তারা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে ফের ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে নিগার সুলতানা জ্যোতির দল।

জাপানের আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসের ম্যাচ বাংলাদেশ হেরেছে ৩১ রানে। আগে ব্যাট করে পাকিস্তানের করা ১৪৫ রান টপকাতে গিয়ে ১১৪ রানেই থেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। চরম ব্যাটিং ধসের মাঝে একমাত্র ব্যতিক্রম ছিলেন শারমিন আক্তার সুপ্তা। ৪৫ বলে ৪ বাউন্ডারিতে ৪৬ রানে অপরাজিত ছিলেন তিনি।

এশিয়ান গেমসের গত তিনটি আসরে অংশ নিয়ে দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জিতেছিল টাইগ্রেসরা। ২০১০ সালে গুয়াংঝুতে অভিষেকের পর তারা রৌপ্য পদক জয় করে এবং ২০১৪ সালে ইনচনেও সেই অর্জনের পুনরাবৃত্তি ঘটায়। এরপর ২০২২ সালে হাংঝুতে পাকিস্তান কে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। তবে এবার আর কোনো পদক পাওয়া হলো না তাদের।

১৪৬ রানের লক্ষ্যে নেমে ২০ রানে পড়ে যায় ৩ উইকেট, ৮২ রানে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় তারা। এক পাশে উইকেট পতনের স্রোতে একা দাঁড়িয়ে দলকে তিন অঙ্ক পার করান শারমিন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩০ বলে করেন ২৫ রান। এই দুজন ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন কেবল দিলারা আক্তার (১২)।

এর আগে টস জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তানকে শুরুতেই ভালো সূচনা এনে দেন দুই ওপেনার গুল ফিরোজা ও শাওয়াল জুলফিকার। দুজনের ওপেনিং জুটিতে আসে ৪৬ রান। মিডল অর্ডারে বাংলাদেশের স্পিনাররা সাফল্য পেলেও শেষ দিকে আলিয়া রিয়াজ ২২ বলে ২৫ ও অধিনায়ক ফাতিমা সানা ৩০ বলে ৪৫ রান করে পাকিস্তানকে দেড়শোর কাছে নিয়ে যান। যে পুঁজি টপকানোর মতো ব্যাটিং সামর্থ্যের পরিচয় দিতে পারেনি বাংলাদেশ।

এশিয়ান গেমসে এবার কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় না খেলেই র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেমিতে শক্তিশালী ভারতের কাছে বিধ্বস্ত হয় তারা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও পাকিস্তানের সঙ্গে লড়াই করতে না পারার হতাশা নিয়ে ফিরতে হচ্ছে তাদের।