‘অধিনায়ক-কোচকে সাইজ করে কী আশা করেন’, ব্যর্থতার ব্যাখ্যায় ইমরান
বেশ অনেকদিন ধরেই ভালো করছে না বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়া কাপে ভরাডুবির পর এশিয়ান গেমসে গিয়ে হয়েছে আরও বেহাল দশা। কোন জয় ছাড়াই দেশে ফিরছেন নিগার সুলতানা জ্যোতিরা। কেন দলের এই হাল জবাব দিতে গিয়ে বিসিবির দিকে ইঙ্গিত করলেন বিদায়ী প্রধান কোচ সারওয়ার ইমরান।
এশিয়া কাপ ও এশিয়ান গেমসের মাঝামাঝি প্রবল সমালোচনার মুখে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন জ্যোতি। এশিয়ান গেমসই তার শেষ অ্যাসাইনমেন্ট। এদিকে এক মাস পর চুক্তি শেষ হতে যাওয়া কোচ ইমরানকেও আর বিসিবি রাখবে না বলে খবর বের হয়। নারী দলের প্রধান কোচ হিসেবে ডেভিড হেম্পকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে সূত্র।
মঙ্গলবার এশিয়ান গেমসের ব্রোঞ্জ মেডেল ম্যাচে পাকিস্তানের কাছে লড়াই করতে পারেনি বাংলাদেশ। ৩১ রানে ম্যাচ হেরে প্রথমবার এই গেমস থেকে খালি হাতে ফিরছেন তারা। জাপানে গণমাধ্যমের সামনে এসে হারের ব্যাখ্যায় ইমরান বলেন, ‘টুর্নামেন্ট চলাকালীন এটা হওয়া (নতুন কোচের খবর, অধিনায়ক বিদায়)... আমরা একটা টুর্নামেন্ট খেলছি, হেড কোচ আর ক্যাপ্টেনদের আপনি সাইজ করে দিলেন, তো কীভাবে আপনি আশা করেন?’
অধিনায়ক জ্যোতি নিজে থেকে পদত্যাগ করায় বিসিবি বরং বিব্রত বলে শোনা গেছে। তবে দলের পারফরম্যান্সে উন্নতি না হওয়ায় দেশি কোচ বদলে বিদেশি কোচের প্রয়োজনীয়তা টের পাচ্ছে বোর্ড।
এশিয়ান গেমসে সেমিফাইনালে ভারতের কাছে বিশাল হারের পর পাকিস্তানের কাছেও ধরাশায়ী হয়ে হতাশ বাংলাদেশের মেয়েরা। এদিন ১৪৬ রানের লক্ষ্যে টেনেটুনে ১১৪ করতে পারেন তারা।
দেশের বর্ষিয়ান কোচ ইমরান মনে করেন তাদের সমস্যার শুরু এশিয়া কাপ থেকে, ‘আমাদের আসলে সমস্যাটা শুরু হয়েছে এশিয়া কাপ থেকে। আমরা এশিয়া কাপে শ্রীলঙ্কার সাথে ক্লোজ ম্যাচ হারি। হারার পর থেকেই আমাদের বিভিন্ন জায়গা থেকে খবর-টবর এসব নিয়ে... এমনকি আমরা ইন্দোনেশিয়া এবং ইউএই-র মতো টিমের সাথেও ১২০-১৩০ করতে আমরা পারিনি। এবং ওই জিনিসটা এখনও ক্যারি করতেছি আমরা এশিয়ান গেমসে।’
‘আজকে হয়তো আমরা যদি পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করতে পারতাম, ম্যাচটা জেতা সম্ভব ছিল। ১৪৫ রান মানে পাওয়ার প্লেতে একটা মোটামুটি ৪০-৪৫ এর একটা করতে পারলে...পাওয়ার প্লের রানটাই আমাদের হারিয়েছে।’