'রেফারিং নিয়ে হয়রানি এখনই বন্ধ করুন,' রিয়ালকে বার্তা অ্যাতলেতিকোর

স্পোর্টস ডেস্ক

মাদ্রিদ ডার্বির উত্তাপ ৯০ মিনিটে শেষ হয়নি, ম্যাচের পর তা ছড়িয়ে পড়েছে দুই ক্লাবের কথার লড়াইয়েও। অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারের পর রেফারিং নিয়ে রিয়াল মাদ্রিদের অভিযোগের এবার সরাসরি জবাব দিয়েছে অ্যাতলেতিকো। জোসে মরিনহোর সংবাদ সম্মেলনের ২৪ ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তাদের বার্তা, ‘রেফারিং নিয়ে হয়রানি বন্ধ করুন।’

রোববারের ডার্বিতে অ্যাতলেতিকো জয় পেলেও ম্যাচের পর আলোচনার বড় অংশজুড়ে ছিল রেফারিং। রিয়ালের পক্ষ থেকে দাবি করা হয়, রেফারির সিদ্ধান্তই ম্যাচের ফলে প্রভাব ফেলেছে। ক্লাবটির ওয়েবসাইটেও অ্যাতলেতিকোর জয়ের সঙ্গে রেফারিংকে জড়িয়ে সমালোচনা করা হয়। এমনকি রিয়াল মাদ্রিদ টিভির এক প্রতিবেদনে বলা হয়, ‘প্রতিপক্ষের খেলোয়াড়দের রিভলবার বহনের অনুমতি দিয়ে কোনো সরকারি নির্দেশনা নেই’ এবং পুরো বিষয়টিকে ‘ঘৃণ্য’ বলেও মন্তব্য করা হয়।

তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় ম্যাচের পর মরিনহোর সংবাদ সম্মেলন। মেত্রোপলিতানোর অডিটোরিয়ামে সাংবাদিকদের সামনে রিয়াল কোচ দুটি ছবি তুলে ধরেন। তার দাবি, ওই দুই ঘটনায় কুটি রোমেরো ও কাং-ইন লির লাল কার্ড দেখা উচিত ছিল।

রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে মরিনহো বলেন, 'আমরা সংবাদ সম্মেলন বাদই দিতে পারতাম। কারণ ম্যাচের গল্প তো এখানেই আছে।' এরপর রেফারদের নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, 'অ্যাতলেতিকো সমর্থকদের পাশাপাশি কমিটিও রেফারদের নিয়োগ নিয়ে খুশি হওয়া উচিত। সবকিছুই খুব অদ্ভুত।'

মরিনহোর সংবাদ সম্মেলনের প্রায় পুরোটা সময়ই ঘুরপাক খায় রেফারিং বিতর্ককে ঘিরে। তবে তার এমন বক্তব্যের পর অ্যাতলেতিকো কোচ দিয়েগো সিমেওনে অন্যদের মতামতের প্রতি সম্মান রাখার আহ্বান জানান। একই সঙ্গে নিজেদের জয়ের গুরুত্বও তুলে ধরেন তিনি।

'আমরা অন্যদের মতামতকে সম্মান করি। আমরা এখন সুবিধাজনক অবস্থানে আছি, কিন্তু সবাইকে নিজেদের কথাবার্তা নিয়ে সতর্ক থাকতে হবে। আমি, ফ্লিক, মরিনহো, ক্লপ, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে,' বলেন সিমেওনে।

এরপরই সতর্ক করে অ্যাতলেতিকো কোচ যোগ করেন, 'আমাদের সতর্ক থাকতে হবে, কারণ সবাই কখনো না কখনো হারে। কেউ যদি সম্মানের সীমা অতিক্রম করে, তাহলে সে শেষ। সেই সীমা অতিক্রম করা যায় না।'

সিমেওনের ওই বক্তব্যের ২৪ ঘণ্টা পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি জবাব দিয়েছে অ্যাতলেতিকো। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি প্রিন্টার থেকে কাগজ বের হচ্ছে। সেই কাগজে রোববারের সংবাদ সম্মেলনে মরিনহোর হাতে থাকা ছবিটিও দেখা যায়, যেখানে রিয়াল কোচ রেফারিং নিয়ে নিজের অভিযোগ তুলে ধরেছিলেন।

ভিডিওটির সঙ্গে স্প্যানিশ ও ইংরেজি দুই ভাষাতেই লেখা হয়েছে একই বার্তা, 'রেফারিং নিয়ে হয়রানি এখনই বন্ধ করুন।'