অস্কারে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’
অস্কারের ৯৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে লড়ার জন্য বাংলাদেশ থেকে চূড়ান্তভাবে মনোনীত হয়েছে সিনেমাটি।
আজ রোববার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, এবারের অস্কারে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। সিনেমাগুলো হলো, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে জায়গা করে নেয় চারটি চলচ্চিত্র। পরে সব কটি সিনেমার বিশ্লেষণ শেষে চূড়ান্তভাবে ‘রইদ’কে অস্কারের জন্য নির্বাচিত করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ।
মেজবাউর রহমান সুমন জানান, ‘রইদ’ মূলত সাধু এবং তার পাগল স্ত্রীর সম্পর্কের এক সরল অথচ গভীর আখ্যান, যা প্রেম ও নীরবতার মাধ্যমে মানব বিবর্তনের চিরন্তন আদিম প্রেমকে তুলে ধরে। সিনেমাটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।