হামের উপসর্গে ৪৮ ঘণ্টায় ১৩ শিশুর মৃত্যু, মোট ১০৭৬
হামের উপসর্গ নিয়ে গত ৪৮ ঘণ্টায় দেশে ১৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বার্তায় জানানো হয়, হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ হিসাবের সঙ্গে ২১ সেপ্টেম্বরের ৪ মৃত্যুর তথ্য যোগ করা হয়েছে।
এদিকে, গতকাল মঙ্গলবার হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৭৬।
এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছর মোট ২০ হাজার ৮৫১ জনের হাম শনাক্ত হলো।
একইসময়ে এক হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে।