বিষাক্ত মদ পান করে নাইজেরিয়ায় ৪৮ জনের মৃত্যু

স্টার অনলাইন ডেস্ক

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে ওন্দো রাজ্যে স্থানীয়ভাবে তৈরি মদ পান করে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, এই মদে বিষাক্ত উপকরণ মিথানলের উপস্থিতির কারণে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও ১০০ জন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন।

গতকাল বৃহস্পতিবার ওন্দো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বানজি আজাকা বলেন, ওদিগবো ও ইরেলে স্থানীয় সরকার এলাকায় এসব ঘটনা ঘটেছে।

তিনি বলেন, মোট ১৮২ জন এতে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং তাদের কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।

৩২ বছর বয়সী সোলা আদেবায়ো হাসপাতালের শয্যা থেকে স্থানীয় টিভিসি নিউজ চ্যানেলকে বলেন, ‘আমি দুই পেগের মতো মদ পান করে বাইরে গেলাম। এক দিন পর টের পেলাম, আমি কিছুই দেখতে পাচ্ছি না।’

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। দেশটিতে স্থানীয়ভাবে তৈরি মদ পান করা বেশ প্রচলিত। বিশেষ করে গ্রামীণ এলাকায় এসব মদ তুলনামূলক সস্তা। নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতায় এ ধরনের মদ খুবই সহজলভ্য।

ওন্দো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বার্তা সংস্থা এপিকে এই পানীয় সম্পর্কে বলেন, ‘এটা খুব দ্রুত ঘটেছে। কেউ এটি পান করার পর পরিমাণের ওপর নির্ভর করে তার কিডনি অকেজো হয়ে যাবে, দৃষ্টিশক্তি চলে যাবে এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হবে।’

ওন্দো রাজ্য পুলিশের মুখপাত্র আবায়োমি জিমোহ এক বিবৃতিতে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের মধ্যে একজনের বিরুদ্ধে ‘মিথানলযুক্ত উপকরণ উৎপাদন ও মদ তৈরির জন্য তা সরবরাহ করার’ অভিযোগ আনা হয়েছে। তিনি বর্তমানে পুলিশকে তদন্তকাজে সহায়তা করছেন।

স্থানীয় বাসিন্দারা এপিকে জানান, ‘মাঙ্কি টেইল’ নামে পরিচিত উচ্চমাত্রার অ্যালকোহলযুক্ত জনপ্রিয় ভেষজ পানীয়তে মিথানল মেশানোর কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে তারা সন্দেহ করছেন।

ওদিগবোতে এই পানীয় বিক্রি করেন এমন এক ব্যবসায়ী এপিকে বলেন, মাঙ্কি টেইলের দুটি ধরন রয়েছে। একটি আসল ও নিরাপদ, আরেকটি অনিরাপদ।

গ্রেপ্তারের আশঙ্কায় ওই ব্যবসায়ী নিজের নাম প্রকাশ করেননি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে প্রথম মৃত্যুর ঘটনাটি প্রকাশ পায়।

নাইজেরিয়ার জাতীয় খাদ্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর (ন্যাফডাক) এখন সারা দেশে স্যাশে ও ছোট প্লাস্টিকের পাত্রে বিক্রি হওয়া মদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করছে।

সংস্থাটি বলেছে, এসব প্যাকেট ও পাত্র শিশু ও তরুণদের জন্য সহজলভ্য।