রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে ৬ বছরের শিশু ও তার মা আহত
কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে ৬ বছর বয়সী এক রোহিঙ্গা শিশু ও তার মা গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রথমে গতকাল বৃহস্পতিবার বিকেলে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) ও আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে আরও দুটি সশস্ত্র গোষ্ঠী এতে যোগ দেয়।
এপিবিএন জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উখিয়া ৮ নম্বর ইস্ট ক্যাম্পের বি-৪০ ও বি-৪১ ব্লকে প্রায় ২ ঘণ্টা গোলাগুলি চলে।
শিশু মোহাম্মদ ইউসুফ (৬) ও গুলিবিদ্ধ মা তাহেরা বেগম বি-৪১ ব্লকের নুর আলমের স্ত্রী।
দ্য ডেইলি স্টারকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমেদ প্রথমে বলেছিলেন, চট্টগ্রামে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে।
তবে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি তথ্যটি সংশোধন করে বলেন, এর আগে তিনি ভুল তথ্য পেয়েছিলেন। মা ও শিশু দুজনেই জীবিত এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, ৮ নম্বর ইস্ট ক্যাম্পের নিয়ন্ত্রণ নিতে আরএসও ও এআরএ সদস্যরা পাহাড়ি ঢালু এলাকা থেকে হামলা চালায়। জবাবে পাহাড়ের চূড়া থেকে আরসা এবং নবী হোসেন গ্রুপের সদস্যরা পাল্টা গুলি করে।
এক পর্যায়ে মায়ের কোলে থাকা ইউসুফের মাথায় ও মা তাহেরা বেগমের পেটে গুলি লাগে।
ইউসুফের বাবা নূর আলম টেলিফোনে বলেন, তিনি বর্তমানে হাসপাতালে রয়েছেন এবং তার স্ত্রী ও ছেলে দুজনের অবস্থাই গুরুতর।
নোট: শিশুটির মৃত্যু হয়েছে বলে পুলিশ যে তথ্য দিয়েছিল, তা সংশোধন করেছে। মা ও শিশু দুজনেই জীবিত রয়েছেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সে অনুযায়ী প্রতিবেদনটি হালনাগাদ করা হয়েছে।