সুনামগঞ্জে ৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। নিজেও বিষ পান করে তিনি বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মারা যাওয়া তিন শিশু হলো মাওয়া (১০) এবং তার দুই ভাই তামিম (৭) ও শামীম (২)।
আজ শনিবার ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে প্রতিবেশী ও স্বজনেরা অভিযুক্ত শরাফত আলী ও তার তিন সন্তানকে বাড়ি থেকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তাহিরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফৌজিয়া জামান জানান, ধারণা করা হচ্ছে, রাত ১টা থেকে দেড়টার দিকে বিষ পানের ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, ‘সকাল ৭টা ২০ মিনিটের দিকে তিন শিশু ও তাদের বাবাকে উপজেলা হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তিন শিশুর মৃত্যু হয়। শরাফতকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, শরাফতের স্ত্রী সৌদি আরব প্রবাসী। এলাকাবাসীর অভিযোগ, শরাফত জুয়া ও মাদকে আসক্ত ছিলেন। এবং স্ত্রী বিদেশ থেকে যে টাকা পাঠাতেন, তা দিয়ে তিনি এসব নেশা করতেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য তিন শিশুর লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।