কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল।

কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। কোটবাড়ি-গন্ধমতী এলাকায় তাদের বাড়ি।

আজ শনিবার দুপুর ১টার দিকে সানন্দা এলাকায় অপ্রতিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

পরিবারের সদস্যরা জানান, গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ড. নাহিদা জানান, অপ্রতিমের সঙ্গে একটি আইফোন ছিল। নিখোঁজ হওয়ার পর থেকেই ফোনটি বন্ধ পাওয়া যায়।

তিনি বলেন, অপ্রতিম কোটবাড়ি এলাকা খুব ভালোভাবে চেনে এবং এখানেই বড় হয়েছে। সে একা চলাফেরা করতে পারে। তাই সাধারণভাবে পথ হারিয়ে তার নিখোঁজ হওয়ার কথা নয়।

অপ্রতিমের বাবা বলেন, ‘আমরা থানায় জিডি করেছিলাম। বন্ধুদের সঙ্গে ছবি তুলতে সে আমার আইফোন নিয়ে বাইরে গিয়েছিল। এরপর আর ফেরেনি।’

এর আগে সদর দক্ষিণ থানার ওসি জানিয়েছিলেন, বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। নিখোঁজের পর রাতভর বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ তল্লাশি চালায়।