এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার, রিমান্ড চাইবে পুলিশ

স্টার অনলাইন রিপোর্ট

পুলিশ হেফাজতে থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের পর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান আজ সোমবার দ্য ডেইলি স্টারকে জানান, মরিয়মের বাবা মাসুম বিল্লাহর দায়ের করা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী মাকসুদাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে।’

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। তার বাবা মধ্যরাতে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ কর্মকর্তার তথ্য অনুযায়ী, মামলায় গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়ন নিয়ে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত জুলাইয়ে তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দল তাকে বহিষ্কার করে।