মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ২ চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭
মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ একটি আন্তঃজেলা ডাকাত দলের সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন—নওগাঁর চাকরিচ্যুত সেনাসদস্য নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন (৩০), রাজবাড়ীর চাকরিচ্যুত সেনাসদস্য সার্জেন্ট মিজানুর রহমান (৪১), শরীয়তপুরের মো. ফরহাদ হোসেন (৪০), বরগুনার আব্দুল আলীম (৩২), মাগুরার মো. সাকিবুর জামান মেহেদী (২৬), ভোলার মেহেদী হাসান সুজন (৩৫) এবং বরগুনার গাড়িচালক আবু হানিফ (৩২)।
রোববার দুপুরে ছনবাড়ী-সিংপাড়া সড়কের হরিবাড়ী ব্রিজ এলাকায় একটি চেকপোস্ট থেকে তাদের আটক করা হয় বলে বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে জানান মুন্সীগঞ্জ পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম।
তাদের কাছ থেকে তিনটি র্যাবের ভেস্ট, একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল, দুটি ওয়াকিটকি সেট, দুটি খেলনা পিস্তল, দুই জোড়া হ্যান্ডকাফ, তিনটি র্যাবের লোগোসংবলিত আইডি কার্ড, তিনটি এসএস পাইপ, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি চাইনিজ লেজার লাইট ও একটি 'র্যাব' লেখা স্টিকার উদ্ধার করা হয়।
সম্প্রতি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আরেকটি বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন করা হয়েছে।
এসপি মেনহাজুল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে লুট করা হবে—ডিবির কাছে এমন গোপন তথ্য ছিল। দুপুর সোয়া ১টার দিকে একটি সিলভার রঙের মাইক্রোবাস ও একটি লাল রঙের মোটরসাইকেল দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে ডিবির একটি দল সেগুলোকে থামায়। এসময় র্যাবের ভেস্ট পরা এক ব্যক্তি ওয়াকিটকি দেখিয়ে নিজেকে র্যাব কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। ডিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশের এলাকায় বিভিন্ন যানবাহনের যাত্রীদের টার্গেট করে সর্বস্ব লুটে আসছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এসপি জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। আগামীকাল তাদের আদালতে হাজির করা হবে।