তিন জেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
দেশের তিন জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার কুষ্টিয়া ও হবিগঞ্জে এবং বুধবার নেত্রকোণায় এসব ঘটনা ঘটে।
কুষ্টিয়া
কুষ্টিয়ার সদর ও দৌলতপুর উপজেলায় বজ্রপাতে দুইজন মারা গেছেন।
তারা হলেন সদর উপজেলার দহকুলা গ্রামের রওশন (৫৩) এবং দৌলতপুর উপজেলার নারায়ণপুর গ্রামের আরোজ আলী (৩০)।
সদর উপজেলার আলমপুর ইউনিয়নের দফাদার স্বপন কুমার দ্য ডেইলি স্টারকে বলেন, দুপুরে দহকুলা-জোতপাড়া মাঠে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে রওশনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
এদিকে জেলার দৌলতপুর উপজেলার নারায়ণপুরের বাসিন্দা আরোজ আলী নিজ বাড়ির আঙিনায় বজ্রপাতে মারা যান বলে স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন আলী নিশ্চিত করেছেন।
হবিগঞ্জ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় খেতে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন কৃষক লিটন সরকার (৩০)।
বৃহস্পতিবার সকালে তেলিয়াপাড়া নোয়াহাটী এলাকায় এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ডেইলি স্টারকে বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই লিটনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নেত্রকোণা
নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে বজ্রপাতে শফিকুল ইসলাম (৩০) নামে এক হাঁসের খামারি মারা গেছেন।
বুধবার সকালে মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওরে এ ঘটনা ঘটে।
খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, হাঁসের খামারে যাওয়ার জন্য হাওরে গেলে আকস্মিক বজ্রপাতে শফিকুলের মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, মৃতের দাফন-কাফনের জন্য সরকারি সহায়তা দেওয়া হবে।
তিনি আরও জানান, হাওরে বজ্রপাতের ঝুঁকি থাকায় স্থানীয় বাসিন্দাদের আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিরাপদ পরিবেশে হাওরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।