অপারেটরের কাজ পেলে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১ হাজার চাকরি দেবে ব্রিটিশ প্রতিষ্ঠান মেনজিস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে দ্বিতীয় অপারেটর হিসেবে যাত্রী সেবার প্যাসেঞ্জার হ্যান্ডলিংয়ের কাজ পেলে প্রথম বছরই বাংলাদেশে ১২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক বৈশ্বিক অ্যাভিয়েশন সেবাদানকারী প্রতিষ্ঠান মেনজিস অ্যাভিয়েশন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই বিনিয়োগে প্রথম বছরেই ১ হাজারের বেশি মানুষের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি সার্বিক অর্থনীতি ও সরবরাহ শৃঙ্খলে আরও সাড়ে ৪ হাজারের বেশি পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
আজ বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনা তুলে ধরেন মেনজিস অ্যাভিয়েশনের কর্মকর্তারা।
প্রতিস্থানটির মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) জন হেন্ডারসন, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস উইলি ও ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর সাকিব এরশাদ এতে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন টার্মিনালে গ্রাউন্ড-হ্যান্ডলিং সেবা দিতে চেলেবি, ডনাটা, সুইসপোর্ট ও এসএটির মতো আন্তর্জাতিক বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় আছে মেনজিস।
মেনজিস জানায়, তাদের প্রস্তাবিত বিনিয়োগ শুধু বিমানবন্দর পরিচালনায় সীমাবদ্ধ থাকবে না, বরং স্থানীয় মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ নজর দেওয়া হবে।
এর অংশ হিসেবে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনের লক্ষ্য নিয়ে ঢাকায় একটি ‘মেনজিস ট্রেনিং একাডেমি’ গড়ে তোলা হবে। পাশাপাশি স্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে অ্যাভিয়েশন সম্পর্কিত প্রশিক্ষণ, ইন্টার্নশিপ ও গ্রাজুয়েট তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
এছাড়া, কর্মীদের ইউনিফর্ম স্থানীয়ভাবে তৈরি ও সংগ্রহের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির, যা দেশের তৈরি পোশাক খাতকে উৎসাহিত করার পাশাপাশি স্থানীয়দের সাপ্লাই চেইনে অন্তর্ভুক্ত করবে।