স্বল্পতম বহর নিয়ে সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী: মাহদী আমিন
১৫ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ মোট ৩৫ জনের স্বল্পতম সফরসঙ্গী নিয়ে নিয়মিত ফ্লাইটে সংক্ষিপ্ত এক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে গেছেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
আজ সোমবার প্রধানমন্ত্রীর মুখপাত্রের মিডিয়া কো-অর্ডিনেশনের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রীর এই সফর প্রসঙ্গে মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে আড়ম্বর অনুষ্ঠান নয়, মানুষের জন্য কাজ এবং ক্ষমতা প্রদর্শন নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষা’ই প্রধানমন্ত্রীর উদ্দেশ্য।’
সফরের ব্যস্ততা তুলে ধরে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে যেতে এক দিন, ফিরতে এক দিন। মাঝের মাত্র চার দিন। এক মুহূর্তও নষ্ট না করে, এই চার দিনেই একের পর এক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক, জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মসূচি এবং বাংলাদেশের স্বার্থে কূটনৈতিক ব্যস্ততা সেরে ছয় দিনের মাথায় বাংলাদেশে ফিরবেন।’
মাহ্দী আমিন আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের সন্তান, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারের তৃতীয় প্রতিনিধি হিসেবে তিনি বলবেন বাংলাদেশের মানুষের কথা, দেশের স্বার্থ, সরকারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা।’