গাজী নজরুলের এমপি পদ নিয়ে সংসদকে আগে পদক্ষেপ নিতে হবে: ইসি সচিব

স্টার অনলাইন রিপোর্ট

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে জাতীয় সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশন (ইসি) এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে স্পিকারের কাছ থেকে আমরা এখনো কোনো চিঠি পাইনি।

ইসি কী পদক্ষেপ নেবে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে আমাদের করার কিছু নেই। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে আমাদের অবহিত করার আইনি বিধান রয়েছে। আমাদের স্পিকারের চিঠির জন্য অপেক্ষা করতে হবে।

এদিকে, দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় আজ গাজী নজরুলের চার দিন ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ইসির এই কর্মকর্তা বলেন, জামায়াতে ইসলামী এর আগে তাদের অবস্থান জানিয়ে একটি চিঠি দিয়েছিল। তবে রাষ্ট্রীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুযায়ী সংসদের পক্ষ থেকে সরাসরি চিঠি দিতে হবে।

ইসি সচিব আরও বলেন, শপথ নেওয়ার পর কোনো সংসদ সদস্যের পদসংক্রান্ত বিষয় পুরোপুরি সংসদ সচিবালয়ের এখতিয়ারভুক্ত।

এর আগে আজ আব্দুর রহমানেল মাছউদ বলেন, শুধু কোনো ফৌজদারি মামলা বা গ্রেপ্তারের কারণে স্বয়ংক্রিয়ভাবে একজন ব্যক্তি সংসদ সদস্য পদে থাকার অযোগ্য হন না।

আইন অনুযায়ী গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল হবে কি না জানতে চাইলে তিনি বলেন, শুধু মামলা হওয়া বা ফৌজদারি মামলায় জড়ানোই সংসদ সদস্য থাকার অযোগ্যতা তৈরি করে না। সংসদকে প্রথমে আনুষ্ঠানিকভাবে ইসিকে অবহিত করতে হবে।

সংসদ ইসিকে চিঠি দিলে আইনপ্রণেতার পদ নিয়ে জনমনে থাকা অস্পষ্টতা দূর করতে কমিশন আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে, বলেন তিনি।