চট্টগ্রামে থানার পেছনে ছিনতাই
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পেছনে পাথরঘাটা এলাকার সতীশ বাবু লেনে দিনেদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে ঘটনাটি ঘটেছে। কাছাকাছি একটি বাড়ি থেকে কেউ একজন এই ছিনতাইয়ের দৃশ্য ভিডিও করেন, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও ফুটেজে ধারালো অস্ত্র হাতে মাস্ক পরা দুই যুবককে একটি রিকশায় থাকা যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিতে দেখা যায়।
পুলিশের তথ্য অনুযায়ী, ছিনতাইয়ের ঘটনাস্থল কোতোয়ালী থানা থেকে ১০০ গজের মধ্যে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে এসে দুই যুবক প্যাডেলচালিত একটি রিকশার গতি রোধ করে যাত্রীর পকেট থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে তারা আবার ওই অটোরিকশায় করেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার দিক থেকে সাড়া পাওয়া যায়নি।
ছিনতাইয়ের ঘটনাটি পুলিশের নজরে আসার কথা নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান প্রামাণিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে এবং আমরা ভিডিওটিও দেখেছি। এ নিয়ে পুলিশের একাধিক দল কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘ঠিক কোন সময়ে ঘটনাটি ঘটেছে আমরা এখনো সেটা জানতে পারিনি। ভুক্তভোগীকে খোঁজা হচ্ছে। ছিনতাইকারীদের অবশ্যই ধরা হবে।’