দক্ষিণ আফ্রিকায় হৃদয়ের ডাবল সেঞ্চুরি, ক্যারিয়ারের দ্বিতীয়
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিশাল পুঁজির জবাবে বুক চিতিয়ে লড়ছেন তাওহিদ হৃদয়। চার দিনের দ্বিতীয় ম্যাচে দারুণ এক ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক। মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিনে তার অনবদ্য ইনিংসে ভর করে স্বাগতিকদের প্রথম ইনিংসের পুঁজির বেশ কাছাকাছি পৌঁছে গেছে সফরকারীরা।
পচেফস্ট্রুমের এনডব্লিউসি ওভালে ৪ উইকেটে ২০১ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিনের ৭৫ রানে অপরাজিত থাকা হৃদয় ৩৩৫ বলে স্পর্শ করেন ডাবল সেঞ্চুরি। তখন তার নামের পাশে ছিল ২২টি চার ও ১টি ছক্কা।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি হৃদয়ের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। এর আগে চট্টগ্রামে বিসিবি সাউথ জোনের হয়ে নর্থ জোনের বিপক্ষে ২১৭ রান করেছিলেন তিনি।
বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা বাংলাদেশি ব্যাটারদের অভিজাত তালিকায় জায়গা করে নিলেন হৃদয়। তার আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন কেবল তিনজন— শাহরিয়ার হোসেন বিদ্যুৎ (২১৮), মুশফিকুর রহিম (২০০) ও সাকিব আল হাসান(২১৭)।
২০১৩ সালে মুশফিক গলে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্টে এই কৃতিত্ব অর্জন করেন।
আর বাংলাদেশিদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকানোর প্রথম কীর্তি গড়েছিলেন শাহরিয়ার। তিনি ২০০৩ সালে করাচিতে প্যাট্রনস ট্রফিতে ডিফেন্স হাউজিং অথরিটির বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের হয়ে দ্বিশতকের স্বাদ নিয়েছিলেন।
দিনের শুরুতে সেঞ্চুরির খুব কাছে গিয়েও আক্ষেপ নিয়ে ফেরেন আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার জাকের আলী অনিক। ১৬৮ বলে ৯৪ রান করে আউট হন তিনি। এতে ভাঙে ১৫১ রানের জুটি। এরপর ষষ্ঠ উইকেটে মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে ১৮৫ রানের আরেকটি চমৎকার জুটি গড়েন হৃদয়। দিনের শেষ বলে ১৭১ বলে ৮৭ রান করে বিদায় নেন সাইফউদ্দিন।
দিনশেষে ৬ উইকেটে ৪৭১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ 'এ' দল। প্রথম ইনিংসে তারা এখনও ৪১ রানে পিছিয়ে। হৃদয় ৩৩৯ বলে ২০৪ রানে অপরাজিত আছেন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৫১২ রান করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা 'এ' দল।

