একই দিনে দুই দেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পারে ভারত

স্পোর্টস ডেস্ক

শুভমান গিলের নেতৃত্বে ভারতের ওয়ানডে দল আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে। অন্যদিকে, শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ভারতের টি-টোয়েন্টি দল এখন অবস্থান করছে জাপানে। অর্থাৎ, ভারতীয় পুরুষ ক্রিকেট দলের দুটি সম্পূর্ণ আলাদা স্কোয়াড একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকছে। এমনকি ৩ অক্টোবর একই দিনে দুই দেশে আলাদা দুই প্রতিপক্ষের বিরুদ্ধে দুই সংস্করণে খেলতে দেখা যেতে পারে ভারতকে।

সাদা বলের ক্রিকেটে একই সময়ে দুটি আলাদা স্কোয়াড দুই দেশে খেলানো ভারতের ক্রিকেট পাইপলাইনের দারুণ গভীরতারই প্রমাণ। এশিয়ান গেমসে সোনা জেতার লক্ষ্যে জাসপ্রিত বুমরাহ, অভিষেক শর্মা ও শ্রেয়াস আইয়ারসহ টি-টোয়েন্টির প্রথম সারির প্রায় সকলকেই খেলাচ্ছে তারা।

টি-টোয়েন্টিতে পূর্ণশক্তি পাঠাতে গিয়েও ভারতের ওয়ানডে দলে তেমন কোনো প্রভাব পড়েনি। সেখানে ঠিকই আছেন শুভমান গিল, রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো তারকারা। অবশ্য পেস বোলিংয়ে জাসপ্রিত বুমরাহকে কিছুটা মিস করতে পারে ওয়ানডে দল।

জাপানের আইচি-নাগোয়ায় চলমান এশিয়ান গেমস ক্রিকেটে স্বাভাবিকভাবেই হট ফেভারিট ভারত। আগামীকাল আফগানিস্তানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন শ্রেয়াস, অভিষেকরা।

আফগানিস্তান এই আসরে মূল দল না পাঠানোয় ভারতের জয়ের পাল্লা অনেকটাই ভারী। এই ম্যাচ জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবে তারা। সেখানে তাদের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার কোয়ার্টার ফাইনালে বিজয়ী দল। ইংল্যান্ডের সঙ্গে সিরিজে ব্যস্ত থাকায় এই আসরে শ্রীলঙ্কাও তাদের মূল দল পাঠায়নি। তাই এই ম্যাচেও ভারতকে সুস্পষ্ট ফেভারিট ধরা যায়।

ভারত যদি সেমিফাইনালে জেতে, তবে ৩ অক্টোবর এশিয়ান গেমসের ফাইনালে খেলবে তারা। আর হেরে গেলেও ৩ অক্টোবর ব্রোঞ্জ পদকের ম্যাচে লড়বে।

অতএব, ৩ অক্টোবর সকালে জাপানে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতের টি-টোয়েন্টি দল। আর দুপুরে চণ্ডীগড়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে তাদের ওয়ানডে দল।

একই দিনে দুই প্রান্তে একই দেশের দুটি আলাদা দল ম্যাচ খেলার নজির অবশ্য নতুন নয়। ইংল্যান্ড এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে, একাধিকবার এমনটা করে দেখিয়েছে তারা। এমনকি ১৯৩০ সালে ইংল্যান্ড এমন এক কীর্তি গড়েছিল, যা বর্তমান যুগে ভাঙা অসম্ভব। সেবার একই সময়ে দুনিয়ার দুই প্রান্তে আলাদা দুটি স্কোয়াড নিয়ে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিল তারা।