‘আপসেট হতেই পারে’, মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাউদ্দিন
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দুই দলের ফারাক ১৭। বাংলাদেশ যেখানে আছে ৮ নম্বরে, মালোয়েশিয়ার অবস্থান ২৫ নম্বরে। তবু শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। ব্যবহৃত উইকেট আর প্রতিকূল আবহাওয়ায় সহজ প্রতিপক্ষও অনেক সময় কঠিন হয়ে উঠতে পারে বল প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের।
মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১টায় এশিয়ান গেমসের ম্যাচে জাপানে মালোয়েশিয়ার বিপক্ষে নামবে লিটন দাসের দল। যদিও ম্যাচটা নিয়ে আছে শঙ্কা। জাপানে পৌঁছানোর পরই বৃষ্টির দাপট দেখচ্ছে বাংলাদেশ দল। রোববারঝিরিঝিরি বৃষ্টির আবহে গণমাধ্যমের মুখোমুখি হন সালাউদ্দিন।
বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পণ্ড হওয়ার কিছুটা শঙ্কাও জাগছে। যদিও ম্যাচ না হলে আইসিসির র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ, তবুও সালাউদ্দিনের স্পষ্ট চাওয়া—মাঠে খেলাটা যেন অবশ্যই হয়।
সালাউদ্দিন জানান, এশিয়ান গেমসের মতো ছোট সংস্করণের টুর্নামেন্টে কোনো প্রতিপক্ষকেই খাটো করে দেখার সুযোগ নেই। বিশেষ করে কন্ডিশন ও মাঠের বাস্তবতা বিবেচনা করে প্রথম ম্যাচ নিয়েই বাড়তি সতর্ক বাংলাদেশ শিবির, ‘মালয়েশিয়াতে আমি দীর্ঘদিন কাজ করেছি। মালয়েশিয়ার দল ও ক্রিকেট সম্পর্কে আমার ভালোই ধারণা আছে।’
মালোয়েশিয়ারও বাংলাদেশ সম্পর্কে ভালোই ধারনা থাকার কথা। দলটির কোচ ডেভ হোয়াটমোর এক সময় ছিলেন বাংলাদেশের কোচ। বাংলাদেশের ক্রিকেটের উঠা-নামা তার জানা।
একই উইকেটে বারবার খেলা হওয়ার বিষয়টি মনে করিয়ে দিয়ে তিনি যোগ করেন, ‘এ ধরনের টুর্নামেন্টে আসলে আপসেট হতেই পারে। কারণ একই উইকেটে বারবার খেলা হয়। ফলে অনেক সময় টস একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়।’
গত এশিয়ান গেমসেও মালয়েশিয়া বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে ভালোই চ্যালেঞ্জ জানিয়েছিল। সেবার ১১৬ রান করে মাত্র ২ রানে জিতেছিলো লাল সবুজের প্রতিনিধিরা। তাই আগেভাগে নকআউট পর্বের শেষ ম্যাচ বা পদকের হিসাব না কষে মাঠের পারফরম্যান্সেই জয় ছিনিয়ে নিতে চান সালাউদ্দিন, ‘প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আগেই জিতে যাওয়া উচিত না, খেলেই আমাদের জিততে হবে। সেভাবেই আমরা মেন্টালি প্রিপারেশন নিচ্ছি।’
এশিয়ান গেমসে নারী দল খালি হাতে দেশে ফিরেছে। একমাত্র পুরুষ ক্রিকেট দলের কাছেই সোনা জয়ের আশা করছেন সমর্থকরা। এসব চাপকে স্বাভাবিক হিসেবে দেখে প্রেরণা পেতে চায় বাংলাদেশ, ‘পুরো দেশের মানুষ তাকিয়ে আছে যে একটা মেডেল আমাদের জিততে হবে। ছেলেদের ওই মোটিভেশনটা আছে এবং আমরাও জানি এটার গুরুত্ব কতটুকু। আমাদের মোটিভেশনের কোনো অভাব নেই, আমরা ইনশাল্লাহ ভালো করব।’
