ঢাবিতে পরীক্ষায় জেমিনাই-চ্যাটজিপিটি ব্যবহার, যে শাস্তি পেল ৬৪ শিক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা, ঢাবি

পরীক্ষায় অসদুপায় অবলম্বনসহ বিভিন্ন অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত প্রতিষ্ঠানের ৬৪ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে।

তাদের সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলসহ পরের এক থেকে তিনটি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞাও দিয়েছে কর্তৃপক্ষ।

গত ৭ সেপ্টেম্বর ঢাবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রী শেখর চক্রবর্তীর সই করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, গত ২০ আগস্ট অনুষ্ঠিত সভায় ডিসিপ্লিনারি কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে গত ৩১ আগস্ট উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

শাস্তিপ্রাপ্তদের মধ্যে—আরবি বিভাগের সাত শিক্ষার্থী; ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আইন বিভাগের তিনজন করে শিক্ষার্থী; ভূগোল ও পরিবেশ, ইংরেজি এবং দর্শন বিভাগ থেকে দুইজন করে শিক্ষার্থী রয়েছেন।

এছাড়া, রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, সংস্কৃত, ইসলামিক স্টাডিজ, সমাজকল্যাণ, পরিসংখ্যান, ইতিহাস, বেসিক বিএসসি ইন নার্সিং এবং মাস্টার অব সায়েন্স ইন নার্সিং থেকে একজন করে শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে।

এর মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থীকে নিজ নিজ পরীক্ষা চলাকালে কৃত্রিম বৃদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনাই ও চ্যাটজিপিটি ব্যবহার করে অসদুপায় অবলম্বন করার সময় ধরা হয়।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীরা জব্দ করা মোবাইল ফোন ফেরত পাওয়ার সুযোগ পাবেন।