ট্রাম্পের সমর্থন না থাকায় চাগোস দ্বীপপুঞ্জ চুক্তি পর্যালোচনা করবে যুক্তরাজ্য

স্টার অনলাইন ডেস্ক

চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তর নিয়ে করা চুক্তি আবার পর্যালোচনা করবে যুক্তরাজ্য।

আজ বুধবার যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বিবিসিকে এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে চুক্তিটিকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করার পর যুক্তরাজ্য এই সিদ্ধান্ত নিয়েছে।

চুক্তি অনুযায়ী, চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তর করার কথা ছিল যুক্তরাজ্যের। বিনিময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপের যৌথ সামরিক ঘাঁটি ৯৯ বছরের জন্য ইজারা নিত ব্রিটেন। এর আগে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র একসঙ্গে দ্বীপটি ব্যবহার করত। এই ইজারার বিনিময় মূল্য ধরা হয়েছিল ১০১ মিলিয়ন পাউন্ড।

বিবিসি জানায়, গত এপ্রিলে ট্রাম্পের সমর্থন প্রত্যাহারের পর চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।

স্ট্রিটিং বলেন, এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কাজ করে এমন একটি চুক্তিতে পৌঁছাতে হবে, যা ট্রাম্প প্রশাসন সমর্থন করতে পারে।

তিনি বলেন, দিয়েগো গার্সিয়া ঘাঁটির দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করাই চুক্তিটি পর্যালোচনার মূল লক্ষ্য। তবে এই পর্যালোচনার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।

আপাতত মরিশাসকে কোনো অর্থ দেওয়া হবে না বলেও জানিয়েছেন স্ট্রিটিং।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের মে মাসে যুক্তরাজ্য ও মরিশাস চুক্তিতে সই করেছিল।

যুক্তরাজ্য বলেছিল, চুক্তিটির মোট ব্যয় হবে তিন দশমিক চার বিলিয়ন পাউন্ড। তবে বিরোধীরা এর প্রকৃত ব্যয় ৩৫ বিলিয়ন পাউন্ড পর্যন্ত হতে পারে বলে সমালোচনা করেছিল। চীন সেখানে প্রভাব বিস্তারের সুযোগ পেতে পারেও বলে ধারনা করেন তারা।

২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মরিশাস থেকে চাগোস দ্বীপপুঞ্জকে আলাদা করার প্রক্রিয়াকে বেআইনি বলে মন্তব্য করে। সেইসঙ্গে যুক্তরাজ্যকে যত দ্রুত সম্ভব ওই অঞ্চলের নিয়ন্ত্রণ ছাড়ার আহ্বান জানায়।

ওই মতামত বাধ্যতামূলক না হলেও জাতিসংঘের সাধারণ পরিষদ তা সমর্থন করেছিল। এরপর ২০২২ সালে যুক্তরাজ্য ও মরিশাসের মধ্যে আলোচনা শুরু হয়।

এদিকে বিবিসি জানায়, চুক্তি পর্যালোচনার সিদ্ধান্তের পর যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক ও রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ চুক্তিটি বাতিলের দাবি জানিয়েছেন।