হরমুজ প্রণালি খুলতে ‘নতুন পরিকল্পনায়’ সর্বোচ্চ নেতার সমর্থন: ইরানের প্রেসিডেন্ট

স্টার অনলাইন ডেস্ক

‘নতুন পরিকল্পনার’ মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার উদ্যোগে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

আজ শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ-র প্রকাশিত এক সাক্ষাৎকারের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া ওই সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবটি গ্রহণ করে নিজেদের প্রতিশ্রুতি পূরণ করলে ইরানও তার দায়িত্ব পালন করবে।

বিশ্বের তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র। প্রায় সাত মাস ধরে চলা এই সংঘাত এখনো অচলাবস্থার মধ্যে রয়েছে।

পেজেশকিয়ান বলেন, ‘সর্বোচ্চ নেতার সঙ্গে সমন্বয় করা হয়েছে।’

ইরানের প্রেসিডেন্ট জানান, দেশটিতে ছয় সদস্যের একটি দল এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই দলেরও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে।

তার ভাষ্য, দলটিতে সামরিক বাহিনী, পার্লামেন্ট ও সরকারের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন।

ইরানের প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটন এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তবে বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে এএফপির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। ওই পরিকল্পনায় মধ্যপ্রাচ্যে চলমান সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধের কথা বলা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, পরিকল্পনাটির শর্তগুলো জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করা সমঝোতা স্মারকে (এমওইউ) উল্লেখ করা শর্তগুলোর মতোই।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পনাটিতে ইরানের জব্দ করা সম্পদ ছাড়ার বিষয়টিও রয়েছে। এসব সম্পদের পরিমাণ অন্তত ১২ বিলিয়ন ডলার বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বন্ধের দাবিও রয়েছে।