পটিয়ায় বগি লাইনচ্যুত, কক্সবাজারের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কক্সবাজারের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ সোমবার বিকেল ৪টার দিকে চক্রশালা স্টেশনের কাছে ঢাকাগামী ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা মো. ফারহান মাহমুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রেললাইনটি সিঙ্গেল ট্র্যাক হওয়ায় এই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, লাইনচ্যুত হওয়ার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনটির সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষের কিছুক্ষণ পরই বগিটি লাইনচ্যুত হয়।

আজ বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেনটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সারওয়ার কামাল ডেইলি স্টারকে বলেন, কক্সবাজারগামী ট্রেনটি পিকআপ ভ্যানটিকে টেনে প্রায় ১০০ মিটার টেনে নিয়ে যায়।

তিনি বলেন, রেললাইন থেকে ভ্যানটি সরিয়ে নেওয়ার পর বিকেল ৪টার দিকে ট্রেনটি আবার যাত্রা শুরু করে। এর কিছুক্ষণ পরই ট্রেনটি লাইনচ্যুত হয়।

কক্সবাজার এক্সপ্রেসের যাত্রী কাওসার আহমেদ বলেন, পিকআপের সঙ্গে সংঘর্ষের পর আমরা প্রায় ৩০ মিনিট আটকে ছিলাম। এখন লাইনচ্যুত হওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছি। ট্রেন আবার কখন চলবে, তা আমরা জানি না।

পটিয়া রেলওয়ে স্টেশনের এক কর্মকর্তা বলেন, ওই লেভেল ক্রসিংটি অননুমোদিত এবং সেখানে কোনো গেটম্যান ছিলেন না।

ফারহান মাহমুদ বলেন, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পরপরই একটি উদ্ধারকারী ট্রেন ডাকা হয়েছে। পরে উদ্ধারকাজে যোগ দিতে চট্টগ্রামের পাহাড়তলী থেকে একটি হাইড্রোলিক টুল ভ্যান পাঠানো হয়।

কক্সবাজার এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার থেকে ছেড়ে যায়। প্রায় ১ হাজার ২০০ যাত্রী নিয়ে রাত ৯টা ১০ মিনিটের দিকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল।