কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে সংঘর্ষ, আহত ১০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরিতে বসা ও উচ্চস্বরে কথা বলা নিয়ে আইসিটি বিভাগের সঙ্গে প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ রোববার দুপুরে এ সংর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, লাইব্রেরিতে বসা ও উচ্চস্বরে কথা বলা নিয়ে আইসিটি বিভাগের সঙ্গে প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রক্টর কার্যালয়ে ডাকা হয়। সেখানে বিষয়টি সমাধান করা হয়।
পরে কার্যালয় থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে আবারও দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে আইসিটি বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া করে প্রকৌশল অনুষদে নিয়ে যাওয়া হয়। সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া করে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, মারামারিতে মোট ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, সকালে বিষয়টি সমাধান করে দিয়েছিলাম। এরপরও ক্যাম্পাস গেটে ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে আবারও মারামারি হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ ও সাংবাদিকদের ধারণ করা ভিডিও পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত করব। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।