সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত!

স্পোর্টস ডেস্ক

আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের চেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে বেশি অগ্রাধিকার দিতে যাচ্ছে ভারত। শনিবার এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, প্রীতি ম্যাচ দুটির জন্য ভারত তাদের মূল (সিনিয়র) দলকে নিউজিল্যান্ডে পাঠাতে যাচ্ছে। আগামী ১২ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। তাই সাফের শিরোপা ধরে রাখার লড়াইয়ে অনূর্ধ্ব-২৩ বা রিজার্ভ খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে গড়া দ্বিতীয় সারির দল বানাতে যাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

মূলত সাংঘর্ষিক সূচির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে সাফ চ্যাম্পিয়নশিপ। আর ফিফার আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে ৭ নভেম্বর।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, সবশেষ ২০২৬ বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সবচেয়ে শক্তিশালী দল খেলাতে চান ভারতের কোচ খালিদ জামিল। তার বিশ্বাস, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেললে জাতীয় দল বেশি উপকৃত হবে।

জামিলকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি লিখেছে, ‘ফিফা বিশ্বকাপে খেলা দলগুলোর বিপক্ষে যখন প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব আসে, তখন আমি ফেডারেশনের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করি।’

ভারতের এই সিদ্ধান্ত সাফ চ্যাম্পিয়নশিপের মান ও প্রতিদ্বন্দ্বিতায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বে মালদ্বীপ ও পাকিস্তানের মুখোমুখি হবে। অন্য গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।