পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় নিহত ১১
পাকিস্তানের উত্তরাঞ্চলে বিস্ফোরকবোঝাই একটি গাড়ির মাধ্যমে নিরাপত্তা চৌকিতে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।
আজ শনিবার পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
দেশটির ডেরা ইসমাইল খান জেলা পুলিশের কর্মকর্তা সাইফুল্লাহ খান এএফপিকে বলেন, দুপুরের দিকে পুলিশ, সামরিক বাহিনী ও কাস্টমস কর্মীদের যৌথভাবে পরিচালিত ওই নিরাপত্তা চৌকিতে হামলাটি হয়।
তিনি বলেন, ‘আত্মঘাতী হামলাকারী বলে সন্দেহ করা হচ্ছে এমন একজন বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে চৌকিতে আঘাত করে। এতে ১১ জন নিহত হয়েছেন।’
১১২২ উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা বিলাল ফাইজিও এএফপিকে বলেন, ‘জঙ্গি হামলার’ পর তারা ১১টি মরদেহ উদ্ধার করেছেন।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট শহরে একটি পুলিশ সদর দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায় অন্তত ৩১ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য ছিলেন।
পাকিস্তান সরকার বলেছে, খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশে সাম্প্রতিক হামলা বেড়ে যাওয়ার পেছনে আফগানিস্তান থেকে ছড়িয়ে পড়া জঙ্গিবাদ দায়ী। তবে আফগানিস্তানের তালেবান সরকার দেশটির সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে।
এ নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে তীব্র বিরোধ ও সশস্ত্র সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানায় এএফপি। আফগানিস্তানের ভূখণ্ডে জঙ্গিদের লক্ষ্য করে প্রাণঘাতী বিমান হামলা চালানোর কথাও জানিয়েছে পাকিস্তান।