৯ নতুন মুখ, ইতালি দল পুনর্গঠনে মানচিনির বড় পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক

টানা তিনটি বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ হওয়ার ধাক্কা সামলে ওঠার লক্ষ্যে দল পুনর্গঠনের বড় পরিকল্পনা হাতে নিয়েছেন রবার্তো মানচিনি। ইতালি জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদের শুরুতে আসন্ন উয়েফা নেশন্স লিগের জন্য ৩৪ সদস্যের একটি বর্ধিত স্কোয়াড ঘোষণা করেছেন তিনি।

নতুন মেয়াদে এসে দলের মূল কাঠামোটাই বদলে দেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড মানচিনি। জাতীয় দলে প্রথমবারের মতো নয়জন ফুটবলারকে ডেকেছেন তিনি। তারা হলেন— বোলোনিয়ার গোলরক্ষক মাসিমো পেসিনা, রোমার ডিফেন্ডার দানিয়েলে গিলার্দি, ব্রেন্টফোর্ডের ফুলব্যাক মাইকেল কায়োদে, মোনজার ডিফেন্ডার এদি কোয়াদিও, ক্যালিয়ারির মিডফিল্ডার আলেসান্দ্রো রোমানো, স্পোর্তিংয়ের মিডফিল্ডার ইসা দুম্বিয়া, সাসুওলোর স্ট্রাইকার সেবাস্তিয়ানো এস্পোসিতো, নাপোলির ফরোয়ার্ড আন্তোনিও ভেরগারা ও নুরেনবার্গের ফরোয়ার্ড মোহামেদ আলি জোমা।

অভিষেকের অপেক্ষায় থাকাদের জায়গা করে দিতে গিয়ে স্কোয়াড থেকে বাদ পড়েছেন মাতেও রেতেগি। ইতালির হয়ে আন্তর্জাতিক মঞ্চে এখন পর্যন্ত ২৮ ম্যাচে ১১ গোল করেছেন তিনি। আর্জেন্টাইন বংশোদ্ভূত এই স্ট্রাইকার সৌদি প্রো লিগে আল কাদসিয়ার হয়ে ৭ ম্যাচে ৪ গোল করে ভালো ফর্মে থাকার পরও জায়গা পাননি।

শঙ্কা উড়িয়ে স্কোয়াডে স্থান পেয়েছেন ক্যালিয়ারির দানিয়েল মালদিনি। মিলানে গাড়ি দুর্ঘটনার পর রক্তে অ্যালকোহলের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়ায় কিছুদিন আগেই তার ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হয়েছে। সেই বিতর্ক পাশ কাটিয়ে এই ফরোয়ার্ডের ওপর আস্থা রেখেছেন মানচিনি।

অনেক নাটকীয়তার পর আজ্জুরিদের ডাগআউটে ফিরেছেন ৬১ বছর বয়সী এই কোচ। গত এপ্রিলে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের প্লে-অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে ইতালি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর পদত্যাগ করেন তৎকালীন কোচ জেন্নারো গাত্তুসো। এরপর আন্দ্রেয়া পিরলোকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও রাশিয়ার একটি বেটিং কোম্পানির সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্কের জেরে তীব্র সমালোচনার মুখে তা ভেস্তে যায়। এমন পরিস্থিতিতে গত জুলাইতে কাতার স্টার্স লিগের ক্লাব আল সাদের কোচের পদ ছেড়ে চেনা ঠিকানাতেই আবার নাম লিখিয়েছেন মানচিনি।

২০১৮ সাল থেকে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা থেকে বঞ্চিত হওয়া ইতালিকে ফের নতুন করে গড়ে তোলার কঠিন পথ বেছে নিয়েছেন মানচিনি। প্রথম মেয়াদে তিনি ২০১৮ সালের মে থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ ছিলেন। ২০২২ বিশ্বকাপের টিকিট কাটতে না পারলেও তার অধীনে বড় সাফল্য পেয়েছিল ইতালি। ২০২১ সালে ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল তারা।

আন্তর্জাতিক ফুটবলের আসন্ন বিরতিতে মোট চারটি ম্যাচ খেলবে ইতালি। আগামী ২৬ সেপ্টেম্বর ঘরের মাঠে রোমের স্তাদিও অলিম্পিকোতে বেলজিয়ামের মুখোমুখি হয়ে নেশন্স লিগে নিজেদের অভিযান শুরু করবে আজ্জুরিরা। ‘এ’ লিগের এক নম্বর গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও তুরস্ক।