জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
দীর্ঘ অপেক্ষার পর দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২৭ সালের ২৩ জানুয়ারি এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সমাবর্তন উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।
তিনি আরও জানান, সাক্ষাৎকালে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
এই কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি আমন্ত্রণ নিয়ে সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি দেন। একই সঙ্গে সমাবর্তন আয়োজন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি জানান, রাষ্ট্রপতির সম্মতির পর সমাবর্তন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সমাবর্তন বক্তা কে থাকবেন, কারা এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন এবং আয়োজনের বিস্তারিত বিষয় শিগগির সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পর ২০১৭ সালের ১৭ জানুয়ারি প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। প্রথম সমাবর্তনের প্রায় এক দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন।